Header AD

উদ্বোধনের ঘণ্টাখানেকেই প্রশ্নের মুখে বন্দে ভারত স্লিপার! ভাইরাল আবর্জনার ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

দেশের প্রথম বন্দে ভারত (Vande Bharat Sleeper) স্লিপার ট্রেন—হাওড়া থেকে গুয়াহাটি (কামাখ্যা) রুটে—উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই শুরু হল বিতর্ক। ভোটমুখী বাংলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আধুনিক ট্রেনের সূচনা করেন, তার পরীক্ষামূলক যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হল অস্বস্তিকর ছবি ও ভিডিও। ঝাঁ-চকচকে কোচের ভেতরে ছড়িয়ে থাকা প্লাস্টিকের প্যাকেট, ব্যবহৃত চামচ ও অন্যান্য আবর্জনা দেখে নেটদুনিয়ায় উঠেছে তীব্র সমালোচনার ঝড়।

গত ১৭ জানুয়ারি, শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের। যদিও বাণিজ্যিক যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। শনিবারের পরীক্ষামূলক সফরে ট্রেনের আধুনিক কোচ, উন্নত পরিকাঠামো ও বিমানের মতো পরিষেবার অভিজ্ঞতা তুলে ধরে একাধিক ভিডিও প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সঙ্গে সামনে আসে আরও একটি দিক—নতুন ট্রেনের মেঝে জুড়ে পড়ে থাকা আবর্জনার ছবি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ব্লগার স্পষ্টভাবেই আঙুল তুলেছেন যাত্রীদের একাংশের আচরণের দিকে। স্লিপার কোচের মেঝেতে পড়ে থাকা আবর্জনা দেখিয়ে তিনি প্রশ্ন করেন,“এটা কি রেলের গাফিলতি, সরকারের ব্যর্থতা, নাকি আমাদের—যাত্রীদের—দায়িত্বজ্ঞানহীনতা?”আক্ষেপের সুরে তাঁর মন্তব্য,
“আজই উদ্বোধন হয়েছে একটা নতুন ট্রেন। আর আমরা নিজেরাই এর এই অবস্থা করে ফেলেছি! এটাই কি আমাদের সিভিক সেন্স?” ভিডিওর ক্যাপশনে তাঁর কটাক্ষ,
“ট্রেন বিশ্বমানের হতে পারে, কিন্তু সিভিক সেন্স নয়।”

এই ভিডিও দেখে হতাশা প্রকাশ করেছেন বহু নেটিজেন। অধিকাংশেরই মত, সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও। কারণ যাঁরা এই পরিষেবা ব্যবহার করেন, তাঁদের আচরণেই তার ভবিষ্যৎ নির্ভর করে। ভাইরাল ভিডিও নজরে আসে রেল কর্তৃপক্ষেরও। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।