Header AD
Trending

রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু

মেরামতির কাজের জন্য ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Bridge)। চলতি সপ্তাহের শেষে  রবিবার ৮ ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে । চলবে সেতু সংস্কারের কাজ। এই মর্মে বৃহস্পতিবার কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । জানানো হয়েছে, আগামী রবিবার, ১৪ ডিসেম্বর  সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সংস্কারের কাজের জন্য বিদ্যাসাগর সেতুতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে । তবে বিকল্প পথে চলাচল করবে গাড়ি। কোন কোন বিকল্প রুটে যান চলাচল করবে তাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ১৯৯২ বিদ্যাসাগর সালে সেতু চালু হওয়ার পর থেকেই নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলেও বদলানো হয়নি ঝুলন্ত কেবল, বিম। মোট ১৫২টি কেবলের মধ্যে আপাতত পরিবর্তন করা হচ্ছে ১৯টি ঝুলন্ত কেবল । এই কাজ চলছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচআরবিসি কর্তৃপক্ষের অধীনে।  

সূত্রের খবর, প্রতিটি কেবল বদলের জন্য সময় লাগে প্রায় মাসখানেক। তবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মে-এর ম‌ধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কলকাতা ও হাওড়া সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। সোম থেকে শুক্রবার অর্থাৎ সপ্তাহের ব্যস্ততম দিনগুলিতে খুব অল্প সময়ের মধ্যে নিত্যযাত্রীরা যাতায়াত করেন এই সেতু দিয়ে । সেই কারণেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে শনি ও রবিবার  অর্থাৎ সপ্তাহান্তে বন্ধ রাখা হয় সেতু।