উত্তর কলকাতার নাগেরবাজারে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার একটি চারতলা আবাসনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাতগাছি এলাকার নগেন্দ্রনাথ রোডের কাছে ওই আবাসনে রমা শিকদার তাঁর ছেলে অভিষেক শিকদারের সঙ্গে থাকতেন। শুক্রবার তাঁদের ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মা ও ছেলের মৃত্যু হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে রমা ও তাঁর ছেলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তারা সাধারণত প্রতিবেশীদের থেকে দূরত্ব বজায় রেখেই চলতেন। স্থানীয়দের দাবি, রমা শিকদার প্রায়ই সিঁড়ির কাছে প্লাস্টিকসহ নানা ধরনের আবর্জনা জমিয়ে রাখতেন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই আবর্জনার স্তূপ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। উল্লেখ্য, এর আগেও ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে শুক্রবার ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
এই বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্য জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।





