Header AD
Trending

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কবে! জ্ঞানেশ- CEO বৈঠকে কি দিন স্থির হবে?

এসআইআর আবহে মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের‌ মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা। বাংলায় বিধানসভা নির্বাচন নিয়েও রাজ্যের সিইও-র সঙ্গে আলোচনা করতে পারে কমিশনের ফুল বেঞ্চ।

এসআইআর নিয়ে মামলার শুনানিতে গত সোমবার একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু, এদিন ১৪ ফেব্রুয়ারির পর আরও সাত দিন অর্থাৎ ২১ তারিখ পর্যন্ত স্ক্রুটিনির জন্য সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই পূর্ব নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব নয়। সেক্ষেত্রে ২১ ফেব্রুয়ারির পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব। সোমবার রাতে দিল্লি উড়ে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের সময় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সিইও মনোজ আগরওয়াল। সেখান থেকে তিনি দাবি করেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত করতে সক্ষম হবে নির্বাচন কমিশন। দিল্লির বৈঠকে সেই প্রস্তাব তিনি জানাতে চলেছেন বলে সূত্রের খবর।

শুধু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশই নয়, বাংলায় বিধানসভা নির্বাচনও রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হলে নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা করা যাচ্ছে না। জানা গিয়েছে, এসব নিয়ে কমিশনের সঙ্গে আলোচনার জন্যই দিল্লিতে বৈঠক করবেন মনোজ আগরওয়াল। মঙ্গলবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কী মতামত তাও জানা যাবে মঙ্গলবারের সিইও-র সঙ্গে বৈঠকের পরে।