সংসদে সাধারণ মানুষের নানা সমস্যার কথা তুলে ধরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় উঠে এসেছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপ (Aam Aadmi Party)-র এই রাজ্যসভা সাংসদ আগে গিগ কর্মীদের অধিকার ও জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে সরব হয়েছিলেন। এবার তিনি টেলিকম সংস্থাগুলির রিচার্জ নীতির বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাঘব বলেন, প্রিপেড মোবাইল গ্রাহকদের রিচার্জের মেয়াদ শেষ হলেই অনেক সময় ইনকামিং পরিষেবাও বন্ধ হয়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ ফোন, ওটিপি বা জরুরি বার্তা আর পৌঁছায় না। তাঁর মতে, আউটগোয়িং কল বন্ধ হওয়া স্বাভাবিক হলেও ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া গ্রাহকদের জন্য বড় সমস্যা তৈরি করে, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে।
তিনি টেলিকম সংস্থাগুলির ২৮ দিনের রিচার্জ প্ল্যান নিয়েও তীব্র সমালোচনা করেন। রাঘবের বক্তব্য, ২৮ দিনের প্ল্যানের ফলে বছরে ১৩ বার রিচার্জ করতে হয়, কারণ ১৩টি ২৮ দিনের মেয়াদ মিলিয়ে মোট হয় ৩৬৪ দিন। এর ফলে গ্রাহকদের বছরে একবার অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য করা হয়। রাঘব চাড্ডার দাবি, মাসিক রিচার্জ প্ল্যান হলে সেটি ৩০ বা ৩১ দিনের হওয়া উচিত। উল্লেখ্য, বর্তমানে দেশের বেশিরভাগ টেলিকম সংস্থা ২৮, ৫৪ বা ৮৪ দিনের প্ল্যানই বেশি প্রচলিত করেছে। বিষয়টি নিয়ে আগে থেকেই বিতর্ক থাকলেও এবার সংসদে তা তুলে ধরায় কেন্দ্র সরকার কোনও পদক্ষেপ নেয় কি না, তা নিয়েই এখন নজর রয়েছে।




