Header AD

সোমবারই কি বাংলায় এসআইআরের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন?

সোমবারই কি বাংলায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরুর দিনক্ষণ ঘোষণা হবে? সেই জল্পনা এখন তুঙ্গে । রবিবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের কর্তারা। অনুমান, সেই বৈঠকেই ঘোষণা হতে পারে বাংলা-সহ একাধিক রাজ্যে এসআইআরের সময়সূচির।

২০২৬ সালে বাংলা-সহ আরও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির পাশাপাশি আরও গোটা দশেক রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন। দিন দুই আগেই শোনা গিয়েছিল, আগামী ১ নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। আগামী সপ্তাহের শুরুতেই তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে বলেও শোনা গিয়েছিল। তার মধ্যেই রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল , সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক হবে। তবে কি সোমবারই এসআইআরের দিনক্ষণ ঘোষণা হবে?

যদি সোমেই বাংলা-সহ অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি-সহ ১০ রাজ্যে এসআইআর চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়, তারপর সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়ার কথা কমিশনের। যা রাজ্যস্তরের পাশাপাশি হবে জেলাস্তরেও। জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বৈঠক করবেন রাজ্যস্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। পাশাপাশি জেলাস্তরেও জেলাশাসকদের করতে হবে এই ধরনের বৈঠক। দুই স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে। প্রতি মুহূর্তের আপডেটের জন্য তৈরি রাখা হচ্ছে নতুন টিমও। রাজনৈতিক মহলের মতে,এটি আসলে ভোটের আগে নির্বাচনী সমীকরণ বদলের ছক মাত্র ।