Header AD

দার্জিলিংয়ে ভরপুর শীত! পশ্চিমের জেলায় পারদ নামল ১১ ডিগ্রিতে, কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে

শীতের আমেজ এখন রাজ্যজুড়ে। হালকা কুয়াশা, হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত চলে এসেছে। তাপমাত্রা স্বাভাবিকের নীচেই। আগামী ২৪ ঘণ্টায় খুব একটা তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।  চলতি মাসের শেষের দুদিন তাপমাত্রা বাড়তে পারে সামান্য। তবে তা স্বাভাবিক তাপমাত্রার উপরে যাবে না, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য নেমেছে। পশ্চিমের জেলায় ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। সকালে ও রাতে শীতের আমেজ। কুয়াশা সতর্কবার্তা না থাকলেও কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। তবে পরবর্তী দু-তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত  বাড়তে পারে তাপমাত্রা! আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে।

বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ২৪ ঘণ্টায় সামান্য নামতে পারে পারদ। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

পাশাপাশি উত্তরবঙ্গে ভরপুর শীতের আমেজ। দার্জিলিংয়ের তাপমাত্রা এখন ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহের শেষে  দুই দিনাজপুর ও মালদহে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।