শীতের আমেজ এখন বাংলা জুড়ে। হালকা কুয়াশা, হিমেল হাওয়া, শীতের হালকা শিরশিরানি অনুভূতি, জানান দিচ্ছে শীতকাল চলে এসেছে। তাপমাত্রা নেমেছে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন শহরের আবহাওয়া এমনই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। সেখানেও ১৫ ডিগ্রিতে নেমেছে পারদ। বুধবারের মধ্যে তা আরও কমে যেতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সতর্কতা ছাড়া পশ্চিমী হাওয়ার দাপট রয়েছে। তবে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বর্তমানে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আগামী পাঁচদিন এই তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে কলকাতায়।
সোমবার থেকে দক্ষিণবঙ্গে বেড়েছে শীতের আমেজ। ভোরবেলা এবং বিকেলের পর থেকে শীতের কামড় বেশ টের পাওয়া যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই আমেজের একটু হেরফের হবে। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সকালের দিকে দেখা মিলছে হালকা কুয়াশার। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। গোটা বঙ্গ জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দিনের বেলায় কলকাতার তাপমাত্রাও বেশ কিছুটা নেমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯০ শতাংশ। রাতে ও ভোরে শীতের আমেজ, সকালে হালকা কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার থাকবে।




