Header AD

শীত উপশমের আগুনই কাল হল! গার্ডেনরিচে ঘরের ভিতরে পুড়ে মৃত্যু বৃদ্ধার

শীতের রাতে ঠান্ডা এড়াতে ঘরের মধ্যেই আগুন জ্বালিয়েছিলেন এক বৃদ্ধা। সেই আগুন থেকেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল গার্ডেনরিচে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৬৬ বছরের লক্ষ্মীদেবী সাউয়ের। মঙ্গলবার গভীর রাতে গার্ডেনরিচ থানার অন্তর্গত প্রিন্স দিলওয়ার ঝা লেনের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীদেবী ছেলের সঙ্গে থাকতেন। দুর্ঘটনার সময় তিনি নিজের ঘরে একাই ছিলেন। পাশের ঘরে ঘুমোচ্ছিলেন তাঁর ছেলে। রাত আনুমানিক ২টো নাগাদ মায়ের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে যান ছেলে। গিয়ে দেখেন, ঘর জ্বলছে এবং মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তাঁর মা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা লক্ষ্মীদেবীকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, শীতকালে প্রায় প্রতিদিনই রাতে ঘরের ভিতরে আগুন জ্বালাতেন লক্ষ্মীদেবী। মঙ্গলবার রাতেও তার ব্যতিক্রম হয়নি। অনুমান করা হচ্ছে, সেই আগুন থেকেই কোনওভাবে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থাতেই তিনি অগ্নিদগ্ধ হন বলে সন্দেহ।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধার শরীরে একাধিক পোড়া ক্ষত রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।