Header AD

বরাহনগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২! খোঁজ চলছে বাকি তিন অভিযুক্তের

উত্তর ২৪ পরগনার বরাহনগরে নিজের দোকানে খুন হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। মৃতের নাম শংকর জানা। শনিবার দুপুরে পাঁচজনকে ঘোরাঘুরি করতে দেখা যায় তাঁর দোকানের সামনে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। শংকর জানা সেসময় একাই ছিলেন দোকানে। গয়না কেনার ভান করে দোকানে ঢোকেন অজ্ঞাতপরিচয় তিনজন। আচমকা শংকরের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন। হাত পাও বেঁধে দেন তাঁর। এরপর সিসিটিভি ক্যামেরা বন্ধ করে শুরু হয় লুটপাট।
হাত পা বাঁধা অবস্থায় নিহত শংকরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত শংকর জানার দোকানের উল্টো দিকের বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা যায় ৫ দুষ্কৃতীকে। দুপুর ঠিক ৩টে থেকে ৩টে৩০ এর মধ্যে চলে লুট এবং খুন। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় কাজ সেরে তাড়াতাড়ি এলাকা ছাড়ে অভিযুক্তরা। স্বর্ণ ব্যবসায়ী খুনের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। বাকিরা এখনও পলাতক, চলছে খোঁজ। স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্তদের মধ্যে তিনজন শম্ভু দাস লেনের পেছনদিকের রাস্তা দিয়ে দমদম স্টেশনের দিকে পালায়। বাকি দুজন সিঁথির মোড়ের দিকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন খুন করা হল, কোথা থেকেই বা তাঁরা এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।