মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় পথদুর্ঘটনায় প্রাণ হারাল দুই তরুণ। ব্যাডমিন্টন খেলতে বেরিয়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল তাঁদের। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি দোকান ভেঙে ঢুকে পড়েছিল। তার আগে রাস্তার পাশে দাঁড়ানো দুই তরুণকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। জখম গাড়িচালককে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃত দুই তরুণ ঘাসিয়াড়ার বাসিন্দা। তাদের নাম দেবপ্রসাদ হাজরা (২৩) এবং সাগর সরকার (১৬)। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে খানিক দূরে ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিলেন তাঁরা। দেবপ্রসাদ বাবাকে ফোন করে বলেন, বাড়ি ফিরতে একটু দেরি হবে। বুধবার সকালে ঘুম থেকে উঠে ছেলের মৃত্যুসংবাদ পান বাবা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চারচাকার গাড়ি সোনারপুর থেকে অত্যন্ত দ্রুত গতিতে তেমাথার দিকে যাচ্ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাসিয়াড়ায় একটি বাতিস্তম্ভে প্রথমে ধাক্কা মারে। তার পর সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে একটি দোকানে। রাস্তার পাশে পড়ে কাতরাতে থাকেন দু’জন। গাড়িচালকও গুরুতর জখম হন। বেশ কিছু ক্ষণ পরে স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় রাতে প্রায়শই দুর্ঘটনা হয়। চালকরা প্রচণ্ড গতিতে গাড়ি চালান। পুলিশ নজরদারির অভাব রয়েছে বলেও অভিযোগ করেন অনেকে। মৃত দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুই অল্পবয়সির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।





