রাজ্যে ভোটে পালাবদলের পর থেকেই ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। একদিকে বিজেপি কর্মীদের উপর হামলা ও মৃত্যুর অভিযোগ যেমন সামনে এসেছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে। এবার সেই অভিযোগ নিয়েই কলকাতা হাই কোর্টে (Kolkata High Court)দায়ের হল নতুন মামলা।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেন-এর ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মামলার গুরুত্বের কথা তুলে ধরে দ্রুত শুনানির আবেদন জানানো হলে আদালত তাতে সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে।
আবেদনকারীর দাবি, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক জেলায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটছে। মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় ২০০০ তৃণমূল কর্মী হেনস্তার শিকার হয়েছেন এবং অন্তত ৩৬৫টি দলীয় কার্যালয়ে ভাঙচুর বা হামলার অভিযোগ উঠেছে। এছাড়াও বহু কর্মী-সমর্থক নিরাপত্তাহীনতায় ঘরছাড়া হয়ে রয়েছেন বলেও আদালতে দাবি করা হয়েছে।
মামলায় আদালতের দ্রুত হস্তক্ষেপ চাওয়া হয়েছে। পাশাপাশি, একাধিক ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য স্বতন্ত্র তদন্তকারী সংস্থার মাধ্যমে অনুসন্ধানের আবেদনও জানানো হয়েছে।
আদালত সূত্রে খবর, মামলাটি ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।




