অক কুমারের আসন্ন সাই-ফাই অ্যাকশন থ্রিলার ‘সামুক’-এর কাস্ট ধীরে ধীরে আরও বড় হচ্ছে। জানা যাচ্ছে, জনপ্রিয় বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্র এই ছবিতে সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের জন্য বর্তমানে নির্মাতাদের সঙ্গে আলোচনায় রয়েছেন।
প্রজেক্টের সঙ্গে যুক্ত সূত্রের খবর অনুযায়ী, কথাবার্তা এখনও চলছে এবং কণিষ্ক বর্মা পরিচালিত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য রুক্মিণীকে বিবেচনা করা হচ্ছে। ছবিটি সানশাইন পিকচার্সের ব্যানারে বিপুল অমৃতলাল শাহ প্রযোজনা করছেন এবং আশিন এ. শাহ সহ-প্রযোজক হিসেবে রয়েছেন। বর্তমানে ছবিটির শুটিং যুক্তরাজ্যে চলছে। বড় বাজেটে তৈরি হওয়া এই ছবিতে সায়েন্স ফিকশনের সঙ্গে অ্যাকশন এবং সারভাইভাল এলিমেন্টের মিশেল থাকবে বলে জানা যাচ্ছে।
প্রজেক্টের সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন, “রুক্মিণীকে নিয়ে অবশ্যই আলোচনা চলছে। চরিত্রটি বেশ আকর্ষণীয় এবং এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যাঁর মধ্যে স্ক্রিন প্রেজেন্সের পাশাপাশি চরিত্রের তীব্রতাও ফুটিয়ে তোলার ক্ষমতা রয়েছে। বর্তমানে কথাবার্তা চলছে এবং টিম বিস্তারিত বিষয়গুলি চূড়ান্ত করার কাজ করছে।”
সূত্রটি আরও জানান, “সামুক-এর জগৎ একেবারেই আলাদা এবং তাই ছবিটির কাস্টিংও খুব ভেবেচিন্তে করা হচ্ছে। নির্মাতারা এমন একটি এনসেম্বল কাস্ট তৈরি করছেন, যা অক্ষয় কুমারের চরিত্রের সঙ্গে মানানসই হবে এবং গল্পে আলাদা আলাদা শক্তি যোগ করবে। আলোচনা চূড়ান্ত হলে রুক্মিণী এই ছবির জন্য একটি দারুণ সংযোজন হতে পারেন।”
বাংলা সিনেমায় নিজের অভিনয়ের দক্ষতা ও পরিচিতি তৈরি করেছেন রুক্মিণী মৈত্র। আগেও একটি হিন্দি ছবিতে কাজ করেছেন রুক্মিণী। এবার এই ছবিতে তাঁকে দেখা গেলে তা নিঃসন্দেহে একটি আকর্ষণীয় কাস্টিং হবে। ছবিটির মূল শুটিং বর্তমানে যুক্তরাজ্যে চলছে। তবে চরিত্র এবং গল্পের বিষয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু প্রকাশ্যে আনেননি।
‘সামুক’ ছবির মাধ্যমে ১৩ বছর পর অক্ষয় কুমার এবং প্রযোজক বিপুল অমৃতলাল শাহ আবার একসঙ্গে কাজ করছেন। কণিষ্ক বর্মা পরিচালিত এবং আশিন এ. শাহ সহ-প্রযোজিত এই বড় বাজেটের ছবিটি গত দুই বছর ধরে তৈরি করার পরিকল্পনা চলছিল। ছবিটিকে বড় মাপের থিয়েট্রিক্যাল স্পেকট্যাকল হিসেবে তৈরি করা হচ্ছে।
সায়েন্স ফিকশনের বড়সড় ভিজ্যুয়াল, তীব্র অ্যাকশন এবং সারভাইভাল এলিমেন্টের মিশেলে তৈরি হতে চলেছে ‘সামুক’। ভারতীয় সিনেমার অন্যতম বড় জঁর-ভিত্তিক ছবি হিসেবে নিজেকে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে এই ছবি। ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।




