দমদমে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই মর্মান্তিক ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে নজির তৈরি করল রাজ্য পুলিশ। নাবালিকাকে গণধর্ষণের ঘটনার অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দমদম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। টিউশন শেষে বাড়ি ফেরার পথে ১৪ বছরের ওই নাবালিকাকে এক টোটোচালক কৌশলে বস্তি এলাকার একটি ঘরে নিয়ে যায়। সেখানেই আটকে রেখে সেই টোটোচালক ও তার তিন বন্ধু মিলে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যে বেলা সেই নাবালিকা বিধ্বস্ত অবস্থায় ফিরে এসে বাড়িতে সব কথা জানালে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। রাতেই দমদম থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা হল- রিকি পাসওয়ান, রাজেশ পার্সোয়ান, সঞ্জয় সাহা।
ধৃতদের আজ, রবিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে বলে খবর। পুলিশের তরফে অভিযুক্তদের সাত দিন পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।





