ফের মেঘ ভাঙা বৃষ্টি। এবার জম্মুতে। শুক্রবার মাঝরাতে জম্মুর রামবন জেলার রাজগড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। বহু মানুষ নিখোঁজ। এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।প্রশাসন জানিয়েছ, ভোর থেকে পুরোদমে উদ্ধার কাজ শুরু হয়েছে। রাত সাড়ে ১২টা নাগাদ মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। ঘুমের মধ্যেই অনেকে ভেসে যান।জম্মু-কাশ্মীরের জম্মু অংশে বর্ষা এবছর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চলতি মাসের ১৪ তারিখ থেকে ১৪৮ জন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন।আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টি হবে জম্মু এলাকায়। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। সন্ধ্যার পর বৃষ্টি অনেকটাই ধরে আসে। রাত সাড়ে বারোটার সময় তুমুল গর্জন করে আবার বৃষ্টি শুরু হয় রাজগড় এলাকায়। প্রশাসন সূত্রে খবর, তিন-চারটি ব্যক্তিগত বাড়ি ছাড়াও একটি বড় স্কুল ভবন ভেসে গিয়েছে। সকালে এলাকায় ত্রাণ সরবরাহ শুরু করা হয়েছে। উদ্ধার কাজ চলছে পুরোদমে।





