Header AD
Trending

রবিবার  মহালয়ায় বাড়তি ৫২ টি মেট্রো, কখন শুরু পরিষেবা?

২১ সেপ্টেম্বর মহালয়া, দেবীপক্ষের সূচনা।  একইসঙ্গে পুজোর আগে শেষ রবিবার। ডবল ছুটির আমেজ। পুজো প্রস্তুতির যেটুকু আয়োজন বাকি রয়েছে, ওইদিনই তা সম্পূর্ণ করে নিতে মরিয়া উৎসবপ্রেমী আমবাঙালি। তাই পথেঘাটে ভিড়ও রেকর্ড পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর সেই কথা মাথায় রেখে রবিবার হলেও মহালয়ার দিন বাড়িত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, রবিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর ১৮২ টি মেট্রো চলবে। অন্যান্য রবিবারে এই সংখ্যা থাকে ১৩০। এছাড়া সপ্তাহের বাকি ছ’দিনের মতো এদিন সকাল ৬.৫০ ও ৬.৫৫ থেকেই মেট্রো চলবে। বৃহস্পতিবার মেট্রোর এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি যাত্রীরা।

এদিন কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন আপ ও ডাউনে ৯১ জোড়া অর্থাৎ মোট ১৮২ টি  রেক চলবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে।।  রবিবার হলেও দেবীপক্ষের সূচনার কথা মাথায় রেখে আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত।

অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল ৯.৫০-এর আগে মেট্রো পাওয়া যায় না। কিন্তু মহালয়ার দিন সকাল ৬টা ৫০ মিনিটে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকেই ডাউন মেট্রো চলবে। আর দমদম থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে, মহানায়ক উত্তমকুমার থেকে প্রথম মেট্রো চলবে ৬টা ৫৫ মিনিটে এবং শহিদ ক্ষুদিরামে সকাল ৬টা ৫৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও বদল থাকছে না ।