প্রবল বৃষ্টিতে হাসপাতালের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে (Bengaluru)। মৃতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার বিকেল থেকে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। সঙ্গে বইতে থাকে ঝোড়ে হাওয়া। দুর্যোগের ফলে কর্ণাটকের বেঙ্গালুরুতে লেডি কার্জন হাসপাতালের একটি ভবনের দেওয়াল ভেঙে তিন শিশু সহ সাত জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি থেকে বাঁচতে ওই ভবনে আশ্রয় নেন তাঁরা। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের প্রত্যেকেই স্থানীয় হকার ছিলেন। বেশ কিছুক্ষণ ধ্বংসস্তূপে আটকে থাকার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনাস্থলে যান। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।





