ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়ের একটি স্টিল প্ল্যান্ট । ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও অনেকে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বাকুলাহী এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ । ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালে বাকুলাহী এলাকার ওই স্টিল প্ল্যান্টে কাজ করছিলেন বহু শ্রমিক। ঠিক সেই সময় প্ল্যান্টের একটি কয়লাচুল্লিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই গোটা চত্বরে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় সেখানে আটকা পড়েন কর্মরত শ্রমিকরা। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে জানা যাচ্ছে আহত বহু শ্রমিক। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানে তাঁরা চিকিৎসাধীন।তবে প্ল্যান্ট কর্তৃপক্ষ এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।





