Header AD

কলকাতার লেকটাউনে বসল ৭০ ফুট উঁচু মেসির মূর্তি! মানুষের উন্মাদনয় আপ্লুত ফুটবলের রাজপুত্র

ভারতীয় ফুটবলের মক্কায় বসে পড়লেন ফুটবলের ‘দ্য গোট’ লিওনেল মেসি। তিন দশকেরও বেশি সময় ধরে চলা শহরের ফুটবল–উন্মাদনায় জুড়ল আরও এক নতুন অধ্যায়। কলকাতার লেকটাউনে ভিআইপি রোডের পাশে বসানো হয়েছে ৭০ ফুট উঁচু মেসির মূর্তি। যা দেখে আপ্লুত ফুটবলের রাজপুত্র। ৭০ ফুট উঁচু মূর্তি দেখে আনন্দের সঙ্গে মেসির প্রতিক্রিয়া, ‘এই স্বীকৃতির জন্য ধন্যবাদ।’ কলকাতায় ৭০ ফুট উঁচু লিওনেল মেসির মূর্তিটি তৈরির দায়িত্ব নিয়েছিল শ্রীভুমি স্পোর্টিং ক্লাব। মাত্র ৪০ দিনে তৈরি হয়েছে গগনচুম্বী এই কাঠামোটি। এই ভাস্কর্যের শিল্পী মন্টি পাল নেতৃত্ব দিয়েছেন গোটা প্রকল্পের। শ্রীভুমির সভাপতি সুজিত বসুর চেষ্টায় এবং উদ্যোগে মূর্তিটি তৈরি হয়েছে। পৃথিবীর আর কোথাও মেসি বা অন্য কোনও ফুটবলারের এত উঁচু মূর্তি নেই বলে দাবি করছেন দমকলমন্ত্রী স্বয়ং।

পূর্বে  পরিকল্পনা করা হয়েছিল, মেসি নিজে ভিআইপি রোডে গিয়ে নিজ হাতে ওই মূর্তি উন্মোচন করবেন। কিন্তু শেষে প্রবল ভিড় এবং আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকার ফলে সেই পরিকল্পনা বাতিল করা হয় কলকাতা পুলিশের থেকে অনুমতি না মেলায়। হোটেলে বসে ভার্চুয়ালি মূর্তিটি উন্মোচন করেন ফুটবলের রাজপুত্র। নিজের দেশ থেকে এত দূরে এসে অচেনা একটা দেশে তাকে নিয়ে এত উন্মাদনা দেখে আপ্লুত হন মেসি নিজেই। ভার্চুয়ালি মূর্তিটি উন্মোচন করে তিনি বলেন, “ভারতের মাটিতে আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখানে আসা সম্মানের ও আনন্দের। এখানে আসতে পেরে খুব খুশি। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করতে পেরে ভালো লাগছে। আর্জেন্টিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে।‘ মেসির মূর্তি উদ্বোধনে স্বয়ং নিজে উপস্থিত না থাকতে পারলেও তাঁর মূর্তির সামনে মেসি অনুরাগীদের ভিড়ের কোনও কমতি ছিল না। মূর্তি উন্মোচন হতেই ভক্তরা ‘মেসি মেসি’ রবে মুখরিত  করে তোলে ভিআইপি সংলগ্ন এলাকা।