Header AD

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে মৃত ৮ পুণ্যার্থী

Andhra Pradesh accident

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নুল জেলায় ভোরবেলা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৮ জন পুণ্যার্থী এবং আহত হয়েছেন আরও ১০-১২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ১৬৭ নম্বর জাতীয় সড়কে কর্নাটক-অন্ধ্রপ্রদেশ সীমানার কাছে ধর্মপুর টোলপ্লাজার থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। কর্নাটক থেকে আসা ২১ জন পুণ্যার্থীকে নিয়ে একটি পিকআপ ভ্যান মন্ত্রলায়মের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুটি যানবাহনই উল্টে যায়।

ঘটনাস্থলটি নির্জন হওয়ায় প্রথমে তৎক্ষণাৎ সাহায্য মেলেনি। পরে অন্যান্য গাড়িচালকেরা পুলিশকে খবর দিলে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের কুর্নুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা, ১ জন শিশু এবং ২ জন পুরুষ। সকলেই কর্নাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ইয়েম্মিগানুর মহকুমার পুলিশ আধিকারিক ভার্গবি জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মৃত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।