Header AD
Trending

কালীঘাট তৃণমূলের অফিস চালাতে ৯০ লক্ষ! আদালতের নির্দেশ মেনে স্পেশ্যাল অফিসারকে চিঠি দলের

অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় আর্থিক টানাপোড়েনের মধ্যে রয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস।এই পরিস্থিতিতে এবার আদালতের নির্দেশ মেনে দলের অফিসের দৈনন্দিন খরচ চালানোর জন্য অর্থ চেয়ে হাইকোর্ট-নিযুক্ত স্পেশ্যাল অফিসার তথা প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে দলের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জুন ও জুলাই—এই দু’মাসের অফিস পরিচালনার খরচ বাবদ প্রায় ৯০ লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের দাবি, এই আবেদন নিয়ে বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকদের উপস্থিতিতে একটি বৈঠকও হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই এটি প্রথম পর্যায়ের অর্থ চাওয়ার আবেদন বলে জানা যাচ্ছে। এখন স্পেশ্যাল অফিসারের কাছে জমা পড়া এই আবেদনের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করে রেখেছে বলে জানা গিয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে দাবি। অ্যাকাউন্টগুলি ফ্রিজ হয়ে যাওয়ায় দলের দৈনন্দিন খরচ চালাতে সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। শুনানিতে দলের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে না পারায় দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। আরও এক আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, দলের ২১৫ জন কর্মীর বেতন বকেয়া রয়েছে।

যদিও তৃণমূলের এই দাবির বিরোধিতা করে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, দলের হাতে এখনও অন্তত ১৬৪ কোটি টাকা রয়েছে। পাশাপাশি, কলকাতা হাইকোর্ট-নিযুক্ত স্পেশ্যাল অফিসারের মাধ্যমে প্রয়োজনীয় দৈনন্দিন খরচের জন্য কিছু অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া যায় কি না, সেই বিষয়েও সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছিল।

তবে শীর্ষ আদালত মূল মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ না করার অবস্থান স্পষ্ট করেছে। এর আগে কলকাতা হাইকোর্টও ইডির অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট শর্তে অর্থ ব্যবহারের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। সেই প্রক্রিয়া পরিচালনার জন্যই স্পেশ্যাল অফিসার নিয়োগ করা হয়েছে। আদালতের নির্দেশ মেনে প্রয়োজনীয় খরচের জন্য ওই অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার ব্যবস্থা করা যেতে পারে বলেই সূত্রের খবর।