Header AD
Trending

নেপালের পাহাড়ি সড়কে ভয়াবহ দুর্ঘটনা! নদীতে বাস উল্টে নিহত কমপক্ষে ১৮, আহত একাধিক

নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। রবিবার গভীর রাতে পোখরা (Pokhara) থেকে কাঠমাণ্ডু (Kathmandu) যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। রবিবার রাতে পোখরা থেকে রওনা দিয়ে বাসটি পৃথ্বী মহাসড়ক ধরে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। রাত প্রায় ১টা নাগাদ ধাদিং জেলার বেণীঘাট রোরাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গজুরি নদীতে উল্টে পরে বাসটি । দুর্ঘটনাস্থলটি কাঠমান্ডু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।

ধাদিং জেলার ট্রাফিক পুলিশ প্রধান শিশির থাপা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপালি সেনা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে গভীর রাত ও দুর্গম পাহাড়ি এলাকার কারণে উদ্ধারকাজে যথেষ্ট সমস্যা হয়।নেপালের হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির প্রধান রাজকুমার ঠাকুরি জানান, এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি ভাবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

একটি সূত্রের দাবি, বাসটিতে কয়েকজন বিদেশি পর্যটকও ছিলেন। তাঁদের মধ্যে নিউজিল্যান্ডের এক পুরুষ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই মহিলা পর্যটক রয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত গতি না অন্য কোনও যান্ত্রিক ত্রুটি দায়ী কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।