ভারতীয় সিনেমার ঝুলিতে আরও এক গৌরবের পালক। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত ৭৯তম বাফটা (BAFTA) পুরস্কার বিতরণী মঞ্চে ইতিহাস গড়ল মণিপুরের আঞ্চলিক ছবি ‘বুং’ (Boong)। ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার সম্মান অর্জন করে আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ল এই ছবি। ছবির সাফল্যে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছবির কলা কুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গোটা দেশ আপনাদের সাফল্যে গর্বিত।
ছবিটি প্রযোজনা করেছেন ফারহান আখতার (Farhan Akhtar) ও রীতেশ সিধওয়ানি (Ritesh Sidhwani)। পরিচালনায় ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী (Lakshmipriya Devi)। পুরস্কার গ্রহণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফারহান আখতার, তাঁর স্ত্রী শিবানি এবং রীতেশ সিধওয়ানি। সকলে মিলে ট্রফি গ্রহণ করেন গর্বের সঙ্গে। এই বিভাগে মনোনীত হয়েছিল হলিউডের একাধিক বড় বাজেটের ছবি— লিলো অ্যান্ড স্টিচ (Lilo & Stitch), জুতোপিয়া ২ (Zootopia 2)-এর মতো জনপ্রিয় ছবি। সেই তালিকায় সবাইকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় ‘বুং’— যা নিঃসন্দেহে ভারতীয় সিনেমার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

‘বুং’ ছবির প্রেক্ষাপট অশান্ত মণিপুর। গল্পের কেন্দ্রে রয়েছে এক কিশোর, যার বাবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। মায়ের সঙ্গে একা বড় হতে হতে বাবার হারিয়ে যাওয়ার রহস্যভেদই হয়ে ওঠে তার জীবনের প্রধান লক্ষ্য। পারিবারিক আবেগ, সংগ্রাম এবং রহস্যের মিশেলে গড়ে উঠেছে ছবির কাহিনি। মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল ‘বুং’। আর এবার আন্তর্জাতিক মঞ্চে সেরার সম্মান এনে উত্তর-পূর্ব ভারতের সিনেমাকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিল এই ছবি।

নিঃসন্দেহে, এই জয় গোটা দেশের জন্য গর্বের— ভারতীয় আঞ্চলিক সিনেমার শক্তি ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রমাণ।





