Header AD
Trending

রাতের কলকাতায় ফের ‘শুটআউট’! গুলিবিদ্ধ যুবক, তদন্তে পুলিশ

খাস কলকাতায় ফের শুট আউট! ঘটনায় জখম এক যুবক। পুলিশের অনুমান ব্যক্তিগত বিবাদ থেকেই এই ভয়াবহ পরিণতি। ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে ৷ মাঝরাতে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার গভীর রাতে তিলজলা সংলগ্ন এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ নিয়াজ। বর্তমানে এই যুবক আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি।অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। সেই সময়ই নিয়াজকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন এবং নিয়াজ বাড়ি ফিরে যান। অভিযোগ, রাত প্রায় একটা নাগাদ কয়েকজন যুবক বাইক নিয়ে নিয়াজের বাড়ির সামনে আসে। এবং তাঁকে বাইরে ডাকে। এরপর এলোপাথারি গুলি চালানো হয়। নিয়াজের দুই পায়ে তিনটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।

কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক সূত্রে খবর, জখম যুবকের বয়ান রেকর্ড হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্তও করা গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তবে পরিবার দাবি করেছে, প্রথমে পুলিশ অভিযোগ নিতে অনীহা দেখায় এবং পরবর্তী সময়ে অভিযোগ নিলেও তাঁদের সঙ্গে অসহযোগিতা করা হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত সলমন এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধেয় ঝামেলা হয়েছিল। রাতের দিকে কয়েকজন বাইক নিয়ে আসে। হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, আর অভিযুক্তরা পালিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ব্যক্তিগত বিবাদ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।