মেক্সিকোয় (Mexico) মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুর খবরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। মাদক পাচারকারীদের হিংসাত্মক বিক্ষোভে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অশান্তি। পরিস্থিতি সামাল দিতে পথে নেমেছে হাজার হাজার সেনা। ঠিক এই সময়েই কর্মসূত্রে মেক্সিকোয় গিয়ে আটকে পড়েন ভারতীয় জনপ্রিয় র্যাপার হানি সিং (Yo Yo Honey Singh)। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়ে যান তাঁর অনুরাগীরা।
সূত্রের খবর, কয়েক দিন আগেই কাজের কারণে মেক্সিকোয় পৌঁছেছিলেন হানি সিং। কিন্তু এল মেনচোর মৃত্যুর পর পরিস্থিতি হঠাৎই ভয়াবহ রূপ নেয়। দেশের পশ্চিম অংশে একের পর এক হিংসাত্মক ঘটনায় বাস, দোকানপাটে আগুন, রাস্তায় তাণ্ডব চালাতে থাকে মাদক কারবারিরা। আইনশৃঙ্খলা প্রায় ভেঙে পড়ে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে ‘জতুগৃহ’ মেক্সিকোয় আটকে পড়েন হানি সিং। ঘনিষ্ঠ মহল ও ভক্তদের দুশ্চিন্তা বাড়তেই নিজেই মুখ খোলেন র্যাপার। ইনস্টাগ্রামে বিমানের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে তিনি জানান, “আপনাদের ভালোবাসা আর উদ্বেগের জন্য ধন্যবাদ। আমি নিরাপদ আছি। চার্টার্ড বিমানে দেশে ফিরছি।”
ছবিতে তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হলেও স্বস্তির খবর যে হানি সিং নিরাপদেই দেশে ফিরছেন।





