Header AD

জিয়াগঞ্জে তারকাহীন দিনযাপন: অরিজিতের ঘরে মেঝেতে বসে খেলেন আমির, ভাইরাল ভিডিও

মুম্বই ফিরেছেন প্রায় দু’সপ্তাহ। কিন্তু তার আগেই গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে কাটানো জিয়াগঞ্জের দিনগুলো যেন এখনও চোখে ভাসছে আমির খানের। সম্প্রতি আমিরের প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে এসেছে সেই সফরের একটি ভিডিও। সেখানে ধরা পড়েছে দুই তারকার বন্ধুত্ব, আড্ডা আর কাজের মুহূর্ত। আর তাতেই আপ্লুত অনুরাগীরা।

ফেব্রুয়ারির শুরুতে হঠাৎই মুম্বই থেকে মুর্শিদাবাদ ছুটে গিয়েছিলেন আমির। ঠিক তার কিছুদিন আগেই অরিজিতের ‘প্লেব্যাক ছেড়ে দেওয়ার’ ঘোষণায় বলিউডে তৈরি হয়েছিল জল্পনা। সেই আবহেই জিয়াগঞ্জে হাজির হন মিস্টার পারফেকশনিস্ট। কেন এই তাড়াহুড়ো? কী কথা হল দু’জনের? সব প্রশ্নের জবাব মিলেছে ওই ভিডিওতেই।

ভিডিওতে শোনা যায়, অরিজিতকে মজা করে আমির বলছেন, “তুমি প্লেব্যাক ছেড়ে দিলে আমাদের কী হবে?” শুনে খানিক লজ্জা পান গায়ক। কখনও দেখা যায় আমিরের পায়ে প্রণাম করছেন অরিজিৎ, আবার কখনও জিয়াগঞ্জের বাড়িতে মেঝেতে বসে একসঙ্গে খাওয়া-দাওয়া চলছে। এই সাধারণ, ঘরোয়া মুহূর্তগুলোই মন কাড়ছে দর্শকদের।

শুরুতে অনেকে ভেবেছিলেন, ‘মহাভারত’ ছবির জন্যই অরিজিতের কাছে গিয়েছিলেন আমির। পরে জানা যায়, আমির প্রযোজিত ‘এক দিন’ ছবির জন্য গান গেয়েছেন অরিজিৎ। ছবিটি প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস। মুখ্য ভূমিকায় রয়েছেন আমির-পুত্র জুনেইদ খান এবং সাই পল্লবী।

ভিডিওতে দেখা যায়, কখনও প্রযোজক হিসেবে আমির মন দিয়ে অরিজিতের গান শুনছেন, কখনও স্টুডিওয় রেকর্ডিং চলছে। কাজের ফাঁকে ঘুড়ির মাঞ্জা বানানো, স্কুটিতে করে জিয়াগঞ্জের অলি-গলি ঘোরা, একেবারে মাটির কাছের দিনযাপন। অতিথি আপ্যায়নেও কোনও খামতি রাখেননি অরিজিৎ। নিজে হাতে ভাত বাড়া, চা দেওয়া, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা।

এই নতুন ভিডিওতেই স্পষ্ট তারকাখ্যাতির আড়ালে দু’জনেই কতটা সহজ, কতটা আপন। আর সেই সরলতাই এখন চর্চার শিরোনাম।