Header AD
Trending

কলকাতা শহরের নতুন শেরিফ হচ্ছেন পরিচালক গৌতম ঘোষ

২০২৬ সালের জন্য কলকাতা শহরের নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন প্রখ্যাত পরিচালক-প্রযোজক গৌতম ঘোষ। কলকাতা হাই কোর্টের সুপারিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনের ভিত্তিতে প্রতি বছর শহরের বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে একজনকে এই অরাজনৈতিক ও সম্মানসূচক পদে এক বছরের জন্য নিয়োগ করা হয়। হাই কোর্ট তিনজনের একটি প্যানেল তৈরি করে এবং রাজ্যপাল সেই তালিকা থেকে শেরিফ নির্বাচন করেন। এর আগে এই পদে অধিষ্ঠিত হয়েছেন অভিনেতা বসন্ত চৌধুরী ও রঞ্জিত মল্লিক-এর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের পথ অনুসরণ করেই এবার এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পেলেন গৌতম ঘোষ। শুক্রবার তিনি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন বলে জানা গিয়েছে।

গৌতম ঘোষের পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মনের মানুষ এবং শঙ্খচিল। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে পরিচালক চেন্নাই যাচ্ছেন তাঁর পুরনো একটি ছবির পুনরুদ্ধার (রেস্টোরেশন) সংক্রান্ত কাজে। শহরের বহু পুরনো ঐতিহ্য হারিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠতেই তিনি জানান, প্রয়োজনীয় ক্ষমতা পেলে সেগুলি সংরক্ষণ ও পুনরুদ্ধারের উদ্যোগ নিতে তিনি আগ্রহী। চেন্নাই থেকে ফিরে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে নিজের দায়িত্ব ও ক্ষমতার পরিধি সম্পর্কে বিস্তারিত জানবেন এবং সেই অনুযায়ী কলকাতা ও নাগরিকদের জন্য কাজ করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গৌতম ঘোষ বরাবরই সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকেছেন। তিনি একাধিকবার বলেছেন, রাজনীতির চেয়ে সিনেমাই তাঁর প্রধান ভালোবাসা। ২০২৪ সাল থেকে তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্বও সামলাচ্ছেন। প্রসঙ্গত, ঐতিহ্যবাহী শেরিফ পদ বর্তমানে কেবল কলকাতা ও মুম্বই শহরেই বিদ্যমান।