ভোটের আগে বাংলার রাজনৈতিক পরিসরে নানা বিতর্ক, সমালোচনা ও পাল্টা প্রচার নতুন কিছু নয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছে ২৫ মিনিটের বিশেষ ডকু ফিচার ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’। তথ্যচিত্রটির টিজার আজ সোমবার বিকেল চারটায় কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হবে।
আর কে এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত এই ডকু ফিচারের প্রযোজক জুনেইদ খান। ছবির কনসেপ্ট ও চিত্রনাট্যও তাঁরই তৈরি। পাশাপাশি, অভিনয়েও দেখা যাবে তাঁকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল সাহা। বর্তমানে শুটিং চললেও রমজান উপলক্ষে সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে। ডকু ফিচারটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ও আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। বিশেষভাবে ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়কালকে কেন্দ্র করে কাহিনি নির্মিত হয়েছে। ১৯৯৩ সালের আন্দোলন থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং দলের হয়ে তাঁর সক্রিয় ভূমিকা—সবই এই তথ্যচিত্রে স্থান পেয়েছে।
জুনেইদের কথায়, অনেকের অজানা যে আন্দোলনের প্রাথমিক পর্ব থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। খুব অল্প বয়স থেকেই তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন—এমন ঘটনাও ছবিতে তুলে ধরা হয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিরোধীদের সমালোচনার জবাবে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন নির্মাতারা। তাঁদের দাবি, তথ্যচিত্রটি বাংলার মানুষের পাশে থাকার বার্তা বহন করবে।
উল্লেখ্য, প্রাপ্তবয়স্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন জুনেইদ নিজেই। অন্যান্য চরিত্রের জন্য শিল্পীদের অডিশনের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। এর আগে তিনি ‘জয় বাংলা’ শিরোনামের একটি গানের অ্যালবামও প্রকাশ করেছিলেন।





