Header AD
Trending

রবিবার থেকেই বদলাবে আবহাওয়া, বাংলাজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ভরা বসন্তেই আবারও ঝড়বৃষ্টির মুখে পড়তে চলেছে বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকেই রাজ্যের আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। রবিবার থেকে শুরু হবে বৃষ্টির পর্ব। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায়।

মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে। কলকাতা এবং আশপাশের জেলাগুলিতেও সোমবার ও মঙ্গলবারের মধ্যে দু-এক দফা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।