Header AD
Trending

“সবাই বাংলার বিরুদ্ধে দাঁড়ালে বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে” রাষ্ট্রপতি ইস্যুতে মোদিকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)–র শিলিগুড়ি সফরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)–র মন্তব্যের তীব্র পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট রি-পোস্ট করে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যখন পুরো সরকার বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে। আসুন মোকাবিলা করি!”

শনিবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেন যে, তাঁকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনও মন্ত্রী বা প্রশাসনের উচ্চপদস্থ কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক বিতর্কের সূচনা হয়।এ বিষয়ে ধর্মতলার ধরনা মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার নাকি “সমস্ত সীমা লঙ্ঘন করেছে”।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জবাবেই সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের পোস্টে তিনি লেখেন— “পশ্চিমবঙ্গের মানুষ বনাম বিজেপি + নির্বাচন কমিশন + ইডি + আয়কর দফতর + সিবিআই + এনআইএ + কেন্দ্রীয় বাহিনী + রাজ্যপাল + ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী + ১০ জন মুখ্যমন্ত্রী + প্রধানমন্ত্রী + শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জি + গোদি মিডিয়া।”অভিষেকের দাবি, বাংলায় রাজনৈতিকভাবে শক্ত জমি তৈরি করতে না পেরে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজ্য সরকার ও শাসকদলকে চাপে ফেলতে চাইছে কেন্দ্রের সরকার। তাঁর কথায়, “এই সব শক্তি দিয়ে বাংলাকে আক্রমণ করার চেষ্টা চলছে। কিন্তু বাংলার মানুষ তার সামনে আরও দৃঢ়ভাবে দাঁড়াবে।”

এই পোস্টের মাধ্যমে রাজ্যপাল থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে একসঙ্গে উল্লেখ করে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও তীব্র করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।