Header AD
Trending

বিশ্বকাপ ফাইনালের আগে মোদিকে ‘অপয়া’ ইঙ্গিত খাড়গে-পুত্র প্রিয়াঙ্কের, বিতর্কে মন্তব্য

২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ( ICC Cricket World Cup 2023) ফাইনাল দেখতে আহমেদাবাদের  নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এরপর থেকেই অনেক ক্রিকেটপ্রেমীর মধ্যে ধারণা তৈরি হয়েছে যে এই স্টেডিয়াম ভারতের জন্য ‘অপয়া’।

এই বিতর্ককে নতুন করে উসকে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) ছেলে তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে (Priyank Kharge)। তিনি মন্তব্য করেন, ফাইনালের দিন যদি প্রধানমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত না থাকেন, তাহলে ভারতের জয়ের সম্ভাবনা আরও বাড়বে।

রবিবার টি–২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। চলতি টুর্নামেন্টে ভারতীয় দল মাত্র একটি ম্যাচ হেরেছে, আর সেটিও হয়েছে আহমেদাবাদের এই স্টেডিয়ামেই। ফলে অনেক সমর্থকের মনে শঙ্কা তৈরি হয়েছে—২০২৩ সালের মতো আবারও কি স্বপ্নভঙ্গ হবে?

ফাইনালের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্ক বলেন, “ভারতের জেতা উচিত। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, যখনই মোদি স্টেডিয়ামে ভারতীয় দলের ম্যাচ দেখতে গিয়েছেন, তখনই দল হেরেছে। আমি তথ্য না দেখে কিছু বলি না। ইতিহাস দেখলেই বিষয়টা পরিষ্কার হবে।”

তিনি আরও কটাক্ষ করে বলেন, আগে এই স্টেডিয়ামের নাম ছিল সর্দার প্যাটেলের নামে, পরে সেটি বদলে নিজের নামে করেছেন প্রধানমন্ত্রী।

এদিকে সূত্রের খবর, ২০২৩ সালের ফাইনালের মতো এবার আর মাঠে উপস্থিত থাকবেন না প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে প্রিয়াঙ্ক বলেন, “এটা ভারতীয় দলের জন্য ভালো খবর। হয়তো এবার ভারত জিততে পারবে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ফাইনালে হারার পর থেকে ভারত আর কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারেনি। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপ ( ICC Men’s T20 World Cup 2024) এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)—দুটোই জিতেছে ভারতীয় দল। পাশাপাশি গত বছর দেশের মাটিতে মহিলা দলও ওয়ানডে বিশ্বকাপ জিতেছে।

এবার দেখার, আহমেদাবাদের সেই স্টেডিয়ামেই কি ভারতের ‘অপয়া’ তকমা কাটবে, নাকি আবারও ফাইনাল শেষে হতাশা নিয়েই ফিরতে হবে ভারতীয় দলকে।