Header AD

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই পুত্র মোজতবা, ট্রাম্পের দাবি উড়িয়ে ঘোষণা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেইকে নির্বাচিত করা হয়েছে। সোমবার তেহরান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সভায় সিদ্ধান্ত নিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই পদে বসার ফলে দেশের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় সব গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এরপর থেকেই তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। সেই সময় থেকেই মোজতবা খামেনেইয়ের নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল। তবে সোমবারের আগে পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এদিকে খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই উত্তেজনা বাড়িয়েছে ইজরায়েল। রবিবার ইজরায়েলি সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের সর্বোচ্চ নেতার পদে যে-ই বসবেন, তিনি তাদের পরবর্তী লক্ষ্য হতে পারেন। এমনকি যাঁরা ওই পদে কাউকে বসানোর প্রক্রিয়ায় যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধেও হামলার হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতির মধ্যেই দ্রুত নতুন নেতার নাম ঘোষণা করে তেহরান।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দাবি ছিল, এই নির্বাচনে আমেরিকার মতামতও বিবেচনা করা উচিত। তিনি বলেন, আমেরিকার সমর্থনে কেউ ওই পদে বসলে ইরানের উন্নয়নে সহায়তা করবে হোয়াইট হাউস। তবে এই দাবিকে গুরুত্ব দেয়নি তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান কখনও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। মোজতবা খামেনেইকে নতুন নেতা ঘোষণার পর তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করবে।

রাষ্ট্রপুঞ্জে ইরানের দূতের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন-ইজরায়েলি হামলায় ইতিমধ্যে ইরানে ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সংঘাতে সাতজন মার্কিন সেনারও প্রাণ গিয়েছে। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়েই পড়ছে। দ্রুত বাড়ছে খনিজ তেলের দাম। তবে পরিস্থিতি শান্ত হওয়ার কোনও ইঙ্গিত এখনও নেই। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তেলের দাম কমার সম্ভাবনা নেই। তাঁর মতে, বিশ্ব শান্তির স্বার্থে এই মূল্য আপাতত মেনে নিতেই হবে।