Header AD

ভোটার তালিকায় দুই ছেলের নাম নেই, নিজেও বিচারাধীন! আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়া

ফের SIR আতঙ্কে মৃত্যু! উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ভোটার তালিকা সংক্রান্ত অনিশ্চয়তার জেরে মানসিক চাপে পড়ে এক প্রৌঢ়া আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃতার নাম রীনারানি কুণ্ডু (প্রায় ৫০)। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ার পশ্চিম চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ছিলেন রীনারানি কুণ্ডু। সম্প্রতি প্রকাশিত এসআইআর–এর চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম ‘বিচারাধীন’ হিসেবে দেখানো হয়। একই সঙ্গে তাঁর দুই ছেলে শুভদীপ ও সৌমেনের নাম তালিকা থেকে বাদ পড়ে যায় বলে পরিবারের দাবি। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করা সত্ত্বেও এবং প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে।

জানা গিয়েছে, ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রীনারানি কুণ্ডু ভীষণ দুশ্চিন্তায় ভুগছিলেন। ছেলেদের ভোটাধিকার কী হবে, তাঁরা আবার তালিকায় নাম ফিরে পাবেন কি না—এই সব চিন্তাই তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

সোমবার দুপুরে দুই ছেলে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বাদুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন বিষয়টি সমাধানের আশায়। সেই সময়ই তাঁদের মোবাইলে খবর আসে যে তাঁদের মা বাড়িতে আত্মঘাতী হয়েছেন। দ্রুত বাড়িতে ফিরে এসে তাঁরা দেখেন, নিজের ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় পড়ে রয়েছেন রীনারানি কুণ্ডু। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, পরিবারের দাবি এবং ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের একাংশের মতে, ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ও মানসিক চাপই এই মর্মান্তিক ঘটনার অন্যতম কারণ হতে পারে। মায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর দুই ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যরা।