Header AD

বাংলা বলায় বাংলাদেশি সন্দেহ, বেঙ্গালুরুতে গ্রেপ্তার নন্দীগ্রামের দম্পতি! অভিষেকের উদ্যোগে জামিনে মুক্তি

পেটের টানে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন নন্দীগ্রামের এক দম্পতি। কিন্তু সেখানেই বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হতে হয় তাঁদের। কয়েক মাস জেলে থাকার পর অবশেষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে জামিনে মুক্তি পেয়েছেন ওই দম্পতি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ৭ নম্বর জালপাই গ্রামের বাসিন্দা শেখ মহিদুল ও তাঁর স্ত্রী সর্বানু বিবি কাজের খোঁজে বেঙ্গালুরুতে যান। সেখানে একটি হোটেলে পরিচারিকার কাজ করতেন তাঁরা। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে স্থানীয় পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে গত ১২ জানুয়ারি গ্রেপ্তার করে। পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় তাঁদের ‘জয় শ্রীরাম’ বলতে চাপ দেওয়া হয়। কিন্তু তাঁরা ‘জয় বাংলা’ বলায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সমস্ত পরিচয়পত্র দেখানো সত্ত্বেও পুলিশ তাঁদের আটক করে বলে অভিযোগ পরিবারের। এরপর কয়েক মাস জেলেই কাটাতে হয় ওই দম্পতিকে।

ঘটনার খবর পৌঁছায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বিষয়টি নিয়ে উদ্যোগী হন এবং আইনি সহায়তার ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত বুধবার জেল থেকে মুক্তি পান ওই দম্পতি। মুক্তির পর তাঁরা সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন। খুব শীঘ্রই তাঁদের নন্দীগ্রামে ফেরার কথা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য শেখ আল রাজী দাবি করেছেন, দেশে সাম্প্রদায়িক পরিবেশ তৈরির চেষ্টার ফলেই এই ঘটনা ঘটেছে। তাঁর কথায়, বাংলায় কথা বলার কারণেই ওই দম্পতিকে সন্দেহ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তাঁরা মুক্তি পেয়েছেন বলে তিনি জানান।