Header AD

নয়ডার  মিটার কারখানায় ভয়াবহ আগুন, আটকে পড়েছিলেন ২৪০ শ্রমিক!  উদ্ধারকার্যে দমকলের  ৩০টি ইঞ্জিন

বৃহস্পতিবার সকালে নয়ডার (Noida) সেক্টর ৪ এলাকায় একটি বৈদ্যুতিক মিটার তৈরির কারখানায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় কারখানার ভিতরে প্রায় ২৪০ জন কর্মী আটকে পড়েন। ফলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি আতঙ্কজনক হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন। উদ্ধারকাজ চালাতে দমকলকর্মীরা কারখানার জানলার কাচ ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং একে একে আটকে পড়া শ্রমিকদের বাইরে বের করে আনেন। আগুন নেভাতে দমকল ইঞ্জিনের পাশাপাশি হাইড্রোলিক প্ল্যাটফর্ম এবং ফোম টেন্ডার মোতায়েন করা হয়। কয়েক ঘণ্টার টানা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা ৩০ থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে আগুনের সূত্রপাত  অন্তত ২৬ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় গৌতম বুদ্ধ  নগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে।

যুগ্ম পুলিশ কমিশনার রাজীব নারায়ণ মিশ্র জানিয়েছেন, আগুন লাগার পর কারখানার ভিতরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিক শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। আতঙ্কে কেউ কেউ উঁচু থেকে লাফ দেওয়ায় এবং হুড়োহুড়ির মধ্যে পড়ে কয়েকজনের হাড় ভেঙেছে। তবে চিকিৎসকদের দাবি, বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল।

আগুন নিয়ন্ত্রণে এলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখনও কারখানার ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। কোথাও ‘পকেট ফায়ার’ রয়ে গেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকলেও অন্য কারণগুলিও তদন্ত করে দেখছে প্রশাসন।

ঘটনার তীব্রতা বিবেচনায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন শহরের চিফ ফায়ার অফিসার গৌতম বুদ্ধ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।