Header AD

গ্যাসের লাইনে দাঁড়িয়ে ৬৬ বছরের বৃদ্ধের মৃত্যু, মর্মান্তিক ঘটনা পাঞ্জাবে

পাঞ্জাবের বারনালা জেলায় রান্নার গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এক ৬৬ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই দুঃখজনক ঘটনা দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের ঘাটতির করুণ চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে। জানা গিয়েছে, শুক্রবার সকালে বারনালার শেহনা ব্লকে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভুষণ কুমার মিত্তল। সকাল আটটার দিকে তিনি একটি কুপন পান, যেখানে তাঁর সিরিয়াল নম্বর ছিল ২৫। কিন্তু সময় যত গড়াতে থাকে, ততই লাইন দীর্ঘ হতে থাকে।

প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও তিনি সিলিন্ডার পাননি। সকাল প্রায় দশটার দিকে হঠাৎই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পাঞ্জাবের মতো দেশের বহু জায়গাতেই বর্তমানে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস এজেন্সি ও জেলা প্রশাসনের আশ্বাস থাকা সত্ত্বেও বারনালাতেও সিলিন্ডারের জন্য দীর্ঘ লাইন প্রতিদিনের দৃশ্য হয়ে উঠেছে।

এদিকে দাম বাড়ার পর দেশের অনেক জায়গায় বাণিজ্যিক গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বাংলা-সহ বিভিন্ন রাজ্যে গ্যাস বুকিং করতেও সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাসের অতিরিক্ত বুকিং বা মজুত রোধ করতে বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অন্যদিকে গ্যাসের খরচ কমাতে অনেকেই এখন ইনডাকশন চুলা ও অন্যান্য বৈদ্যুতিক রান্নার যন্ত্র ব্যবহার করতে শুরু করেছেন।

শুক্রবার একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ১৪০ কোটি মানুষের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। কোভিড পরিস্থিতির মতো এই সংকটও দেশবাসী একসঙ্গে মোকাবিলা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।