Header AD

নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের

আজ, শনিবার, নন্দীগ্রাম দিবস। প্রায় ১৯ বছর আগে এই দিনেই রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম। সেই ঘটনার অভিঘাত বদলে দিয়েছিল বাংলার রাজনৈতিক গতিপথ এবং ক্ষমতার সমীকরণ। এই দিনটিকে স্মরণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং আন্তরিক প্রণাম।” নন্দীগ্রামের শহীদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ভূমি অধিগ্রহণের বিরোধিতায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে চলা জমি রক্ষা আন্দোলনের সময় ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে (Nandigram) পুলিশ অভিযান চালায়। অভিযোগ, সেদিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়। ২০০৭ সালের সেই আন্দোলনের পর তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন দ্রুত তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে সেই আন্দোলনই রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের পথ তৈরি করে দেয় এবং ২০১১ সালে ক্ষমতার পালাবদল ঘটে। সরকারে আসার পর থেকে প্রতি বছরই সেই শহিদদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস পালনে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে রাজ্যের শাসক দল (All India Trinamool Congress)। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছরও দিনটি উপলক্ষে শহিদদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক। তৃণমূলে সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তাঁর পোস্টে লিখেছেন, ‘নন্দীগ্রাম দিবসে সিপিএমের হার্মাদ বাহিনীর নির্মম অত্যাচারে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।’

প্রসঙ্গত, নন্দীগ্রাম আন্দোলন বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত আবেগঘন একটি অধ্যায়। ২০০৭ সালের সেই মর্মান্তিক ঘটনাকে তিনি এখনও ভুলতে পারেননি এবং বারবার একে রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে তুলনা করেছেন।