Header AD

‘দিদির টাকায় মোদি দর্শন’ প্রধানমন্ত্রীর সভায় দুই বিজেপিকর্মী! তৃণমূল বলছে—পক্ষপাত নেই

রাজ্যের বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়–এর নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে নির্দিষ্ট অনুদান সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সেই টাকাতেই নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে যোগ দিতে গিয়েছেন দুই বিজেপি সমর্থক—এমনই দাবি ঘিরে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

উত্তরবঙ্গের রাজগঞ্জ এলাকার বাসিন্দা গোপাল দাস ও কল্যাণ সরকার, দু’জনেই স্থানীয় বিজেপি কর্মী। তাঁরা রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এবং যোগ্য বিবেচিত হওয়ায় তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে অনুদান পৌঁছায়। কল্যাণ সরকারের কথায়, তাঁর হাতে কোনও টাকা ছিল না, তাই প্রথমে ব্রিগেডের সভায় যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয়েছিল। কিন্তু রাতেই অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকে। সেই টাকাতেই তিনি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে রওনা দেন। গোপাল দাসও একইভাবে জানান, সকালে অ্যাকাউন্টে টাকা পাওয়ার পরই তিনি ওই অর্থ ব্যবহার করে মোদির সভায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

এই ঘটনা সামনে আসার পর তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, এর থেকেই বোঝা যায় যে রাজ্য সরকার কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব করে না। তাঁর দাবি, সরকার সবার উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করেছে। একইসঙ্গে তিনি ওই দুই যুবককে উদ্দেশ্য করে বলেন, যুবসাথীর টাকা মূলত পড়াশোনা ও চাকরির প্রস্তুতির কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়। তাই সেই উদ্দেশ্যেই তা খরচ করা উচিত।