Header AD

পুরোহিত ও ইমামদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী, মাসে মিলবে ২০০০ টাকা

লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার রাজ্যের পুরোহিত ও ইমামদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার নিজের এক্স (X) হ্যান্ডেলে তিনি জানান, পুরোহিত ও ইমামদের মাসিক সাম্মানিক ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। ফলে এবার থেকে তাঁরা প্রতি মাসে ভাতা হিসেবে পাবেন ২০০০ টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা সন্তোষ প্রকাশ করেছেন।

এদিন মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন, সমাজের আধ্যাত্মিক ও সামাজিক বন্ধনকে মজবুত রাখতে পুরোহিত, ইমাম ও মোয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তাঁদের যে দাবি ছিল, সেই দাবিকে সম্মান জানাতেই রাজ্য সরকার ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।

শুধু ভাতা বৃদ্ধিই নয়, নতুন আবেদনকারীদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যের যেসব পুরোহিত ও মোয়াজ্জিন এই সাম্মানিক ভাতার জন্য সম্প্রতি আবেদন জমা দিয়েছিলেন, সেই সব আবেদনও রাজ্য সরকার মঞ্জুর করেছে।

নিজের ঘোষণায় মুখ্যমন্ত্রী আরও লেখেন, “আমাদের রাজ্যে সব ধর্ম ও সংস্কৃতিকে সমান মর্যাদা দেওয়া হয়। বাংলার সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্য যাঁরা ধরে রেখেছেন, তাঁদের প্রাপ্য স্বীকৃতি ও সহায়তা দেওয়াই আমাদের লক্ষ্য।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে এই সিদ্ধান্ত নেওয়ায় তা রাজ্যের একটি বড় অংশের মানুষের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।