ইরান–ইজ়রায়েল সংঘাতের মধ্যে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (IRGC) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ( Benjamin Netanyahu) কড়া হুঁশিয়ারি দিয়েছে তারা। রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, যদি নেতানিয়াহু জীবিত থাকেন, তবে তাঁকে খুঁজে বের করে সর্বশক্তি দিয়ে হত্যা করা হবে।
সংঘাতের ষোড়শতম দিনেও ইজ়রায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মাঝেই নেতানিয়াহুর অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
সম্প্রতি নেতানিয়াহুর একটি ভিডিওবার্তা প্রকাশিত হয় (ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজবাংলাডিজিটাল), যেখানে তিনি ইরান ও হিজবুল্লাকে ধ্বংস করার হুঁশিয়ারি দেন। সেই ভিডিওতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে লক্ষ্য করে কঠোর মন্তব্যও করেন। তিনি বলেন, ইরান ও হিজবুল্লাকে নিশ্চিহ্ন করতেই হবে।
তবে ওই ভিডিও ঘিরে নতুন বিতর্কও শুরু হয়। অনেকের দাবি, ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। ফলে প্রশ্ন ওঠে, ভিডিওটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি? এই নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস আওয়েন্স (Candace Owens) প্রশ্ন তোলেন, কেন নেতানিয়াহুর দফতর বারবার ভিডিও প্রকাশ করে মুছে ফেলছে।
এই পরিস্থিতিতে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতর তুরস্কের সংবাদসংস্থাকে জানায়, নেতানিয়াহু নিরাপদ ও সুস্থ রয়েছেন।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে (Mojtaba Khamenei) নিয়েও জল্পনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( Donald Trump) দাবি করেন, তিনি শুনেছেন খামেনেই হয়তো বেঁচে নেই। আবার কিছু সূত্র জানাচ্ছে, তিনি গুরুতর আহত হয়েছেন। যদিও পরে খামেনেই এক বার্তায় বলেন, শহিদদের রক্ত কখনও বৃথা যেতে দেওয়া হবে না।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের বাহিনী সরাসরি নেতানিয়াহুকে লক্ষ্য করে নতুন হুমকি দিল।





