Header AD

অভিভাবকহীন ডোরেমন’! প্রয়াত কিংবদন্তি পরিচালক সুতোমু শিবায়ামা

জাপানি অ্যানিমেশন জগতে গভীর শোকের ছায়া। প্রয়াত হয়েছেন‘ডোরেমন’-এর প্রখ্যাত পরিচালক সুতোমু শিবায়ামা (Tsutomu Shibayam) । দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করার পর গত ৬ মার্চ, ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রযোজনা সংস্থা ‘আজিয়া দো অ্যানিমেশন ওয়ার্কস’(Ajia-do Animation Works) ১৭ মার্চ এই দুঃস্নগবাদটি প্রকাশ্যে আনে। প্রয়াত পরিচালকের ইচ্ছানুযায়ী তাঁর শেষকৃত্য সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হয়েছে, এবং তারপরই খবরটি প্রকাশ্যে আনা হয়।

১৯৩৪ সালে জন্মগ্রহণ করা শিবায়ামা ১৯৬৩ সালে অ্যানিমেশন জগতে পা রাখেন। টোয়ি (Toei Animation)-এ কর্মজীবন শুরু করে তিনি দ্রুতই নিজের প্রতিভার ছাপ ফেলেন। ‘দ্য গাস্টি ফ্রগ’ এবং ‘টেনসাই বাকাবন’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন। পরে তিনি নিজের সংস্থা Ajia-do Animation Works প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকেই বহু স্মরণীয় কাজ উপহার দেন। বিশেষ করে ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত ডোরেমন (Doraemon)-এর চিফ ডিরেক্টর হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর হাত ধরেই ‘নোবিতা’, ‘সুজুকা’ এবং সেই নীল রোবট বিড়াল ‘ডোরেমন’ কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। ‘নোবিতা অ্যান্ড দ্য ক্যাসেল আন্ডারসি ডেভিল’ বা ‘ডোরেমন: নোবিতা ইন দ্য ওয়ান ন্যান স্পেসটাইম ওডিসি’-র মতো বহু জনপ্রিয় অ্যানিমে চলচ্চিত্রও তাঁর পরিচালনায় তৈরি। এছাড়াও ‘চিবি মারুকো’, ‘নিন্তামা রান্তারো’, ‘কাইকেতসু জোরোরি’-র মতো একাধিক সফল প্রজেক্টে তাঁর সৃজনশীল ছোঁয়া রয়েছে। ২০১২ সালে জাপানের সাংস্কৃতিক দপ্তর তাঁকে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করে।

ডোরেমনের সেই জাদুকরি পকেট, ‘বাঁশের কপ্টার’ কিংবা ‘এনিহোয়ার ডোর’—এই সবই যেন প্রজন্মের পর প্রজন্মের ধরে গোটা বিশ্বের শৈশবের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। সেই স্বপ্নময় জগতের অন্যতম নির্মাতার প্রয়াণে মন খারাপ ভক্তদের। তাঁর সৃষ্টি চিরকাল বেঁচে থাকবে দর্শকের হৃদয়ে।