Header AD

ভোটের আবহে রক্তাক্ত হাড়োয়া! উত্তর ২৪ পরগনায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বঙ্গে ভোটের উত্তেজনার মাঝেই ফের অশান্তির ছাপ! উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাড়োয়ায় উদ্ধার হল এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত ব্যক্তির নাম মশিউর কাজি (৩৮)। বৃহস্পতিবার সকালে হাড়োয়া থানার অন্তর্গত ঝুজুরগাছা গ্রামের রাস্তার ধারে একটি কম্বলে মোড়ানো অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দেহের চারপাশে রক্ত ছড়িয়ে ছিল এবং শরীরজুড়ে ছিল একাধিক আঘাতের চিহ্ন। এমনকী নৃশংসতার মাত্রা এতটাই বেশি ছিল যে, তাঁর দুই হাত কব্জি থেকে কেটে নেওয়া হয়েছে এবং একটি পা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে বলেও অভিযোগ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই খুন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত হত্যার সঠিক কারণ বা অভিযুক্তদের পরিচয় জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মশিউর কাজির বাড়ি দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামে। পরিবারের দাবি, বুধবার রাতে একটি ফোন পাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে পুলিশের মাধ্যমে দেহ উদ্ধারের খবর পায় পরিবারের সদস্যরা।

মৃতের দাদা মোতালেব কাজির অভিযোগ, মশিউরের দেহ বিকৃত করে দেওয়া হয়েছে—দুটি হাত কেটে নেওয়ার পাশাপাশি মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে, যাতে পরিচয় গোপন রাখা যায়। তিনি আরও দাবি করেন, এই ঘটনার পেছনে রাজনৈতিক যোগ থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।