Header AD

‘আমরা জাতপাতের রাজনীতি করিনা’ , চালসার চার্চ থেকে সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

mamata banerjee

‘আমরা জাতপাতের রাজনীতি করিনা’ উত্তরবঙ্গের জলপাইগুড়ির চালসার বাটাবাড়ি সেন্ট লুইস চার্চের অনুষ্ঠানে গিয়ে এই ভাষাতেই সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, বাংলায় সব ধর্মের মানুষের সমান মর্যাদা রয়েছে। সমস্ত উৎসব-অনুষ্ঠানে এখানে সবাই মিলেমিশেই অংশ নেন। তিনি বলেন, সব ধর্মের মানুষ একজোট হয়ে বাংলায় বসবাস করেন।

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে চালসার বাটাবাড়িতে সেন্ট লুইস চার্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এই প্রথম চালসায় কোনও চার্চে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে তিনি অভিবাদন গ্রহণ করেন, চার্চের ফাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, চার্চ থেকেই তিনি কার্যত তাঁর নির্বাচনী জনসংযোগ শুরু করে দিলেন।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026) -এর প্রেক্ষিতে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে গুড ফ্রাইডেতে রাজ্যে সরকারি ছুটি নেই, তবে ভবিষ্যতে আবার ক্ষমতায় এলে এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

অনুষ্ঠানে প্রার্থনা সঙ্গীতেও অংশ নেন তিনি। তাঁকে স্বাগত জানাতে ধামসা-মাদলের তালে আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়, যেখানে তিনিও উপস্থিত থেকে অংশ নেন। চালসা উত্তরবঙ্গের চা-বলয়ের অন্তর্গত হওয়ায় এদিন চা শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তৃণমূল নেত্রী এবং তাঁদের সমস্যার কথা শোনেন।