দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের গড়িয়ায় (Garia Murder) একটি বিউটি পার্লারে মঙ্গলবার দিনদুপুরে ঘটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। প্রেমঘটিত কারণে এক যুবক তার প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছিল পুলিশ। এবার সেই হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জানা যাচ্ছে, বিউটি পার্লারে কর্মরত ওই মহিলার সঙ্গে ফেসবুকে আলাপ হয় মৃত যুবকের। আলাপ থেকে প্রেম! একবার তার সঙ্গে ঘর ছেড়েও আবার স্বামীর কাছে ফিরে যান মহিলা। প্রতিশোধ নিতে সুদূর হরিয়ানা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের গড়িয়ায় এসে প্রেমিকার বিউটি পার্লারে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে (Kolkata crime story) কুপিয়ে খুনের পর আত্মঘাতী হয়েছেন ভিনরাজ্যের প্রেমিক।
মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ নিহত মহিলা রূপবাণীকে তাঁর স্বামী অনুপকুমার দাস বাইকে করে পার্লারে পৌঁছে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুক্ষণ পরই এক যুবক পার্লারের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর ভিতর থেকে তর্কাতর্কির আওয়াজ শোনা যায়। পার্লারের এক কর্মী এসে দরজা বন্ধ দেখে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে রূপবাণীর স্বামীকে খবর দেন। তিনি দ্রুত পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ততক্ষণে সব শেষ। পার্লারের ভিতরে রক্তাক্ত অবস্থায় দু’জনের দেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে তদন্তে জানা গিয়েছে, হরিয়ানার বাসিন্দা পঙ্কজ নামে ওই যুবকের সঙ্গে রূপবাণীর ফেসবুকে পরিচয় হয় এবং পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। কিছুদিন একসঙ্গে থাকার পর প্রায় দু’মাস আগে রূপবাণী স্বামীর কাছে ফিরে আসেন। এরপর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, সেই ক্ষোভ থেকেই পঙ্কজ দূর হরিয়ানা থেকে গড়িয়ায় এসে এই ঘটনা ঘটায়। ঘটনার পর তিনি নিজেও গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা। পুরো ঘটনার তদন্ত চলছে।





