Header AD

ঝড়বৃষ্টিতে আকাশে দেড় ঘণ্টা চক্কর মমতার বিমানের! দুর্যোগের মধ্যেই অবতরণ, ATC-র ভূমিকায় প্রশ্ন

mamata flight

প্রবল ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) অবতরণ করতে সমস্যা দেখা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটার পর অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে তাঁর প্রাইভেট জেট। এদিকে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এটিসির (ATC) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্ডাল আর কলকাতার এত কম দূরত্বের মধ্যেও কেন আগে থেকে ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস দেওয়া হয়নি সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

বৃহস্পতিবার বর্ধমানের পাণ্ডবেশ্বর ও বীরভূমের দুবরাজপুরে নির্বাচনী জনসভা সেরে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তৃণমূল নেত্রী। বিকেল ৩টা ৩৯ মিনিটে বিমানটি অন্ডাল বিমানবন্দর থেকে উড়ান শুরু করে এবং নির্ধারিত সময় অনুযায়ী ৩টে ৫৫মিনিটে কলকাতায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

এদিন বিকেলে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি শুরু হওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল না। পরিস্থিতির উন্নতি না হলে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। ফলে কিছু সময়ের জন্য অনিশ্চয়তা তৈরি হয়। সূত্রের খবর, একাধিকবার বিমানটি অবতরণের চেষ্টা করেও সফল হয়নি । মাঝে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও ফের ঝড়ের দাপট বাড়ায় পরিকল্পনা বাতিল করতে হয়। এমনকি বিমানটি দক্ষিণ দিকে ঘুরে বেহালা অঞ্চলের আকাশে যায় এবং বেহালা ফ্লাইং ক্লাবে অন্তত তিনবার নামার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। এই ভাবে অন্তত দেড় ঘণ্টা কেটে যায়। অবশেষে পরিস্থিতির সামান্য উন্নতি হলে দমদমেই অবতরণ সম্ভব হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইভেট জেটের।

এদিন বিকেলে ঝড়বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ঝড়ের দাপটে বিমানবন্দরে তৈরি করা একটি অস্থায়ী মঞ্চও ক্ষতিগ্রস্ত হয়, যেখানে অবতরণের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। যদিও বিমানবন্দরে অবতরণের পর তিনি আর সাংবাদিকদের মুখোমুখি হননি। নিজের গাড়িতে করে বেরিয়ে যান।

প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস মেনে দুপুর থেকেই দমদম, নিউটাউন, সল্টলেক ও মধ্যমগ্রামে ঝড়বৃষ্টি শুরু হয়, যা বিমান চলাচলে বড়সড় প্রভাব ফেলে।