আবহাওয়া দপ্তরে পূর্বাভাস (Weather Update) মেনেই বৃহস্পতিবারে বাংলার একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আকাশপথে কলকাতায় ফিরতে গিয়ে সমস্যায় পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-ও। শুক্রবার ফের কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, শুক্রবার বিকেল থেকেই রাজ্যজুড়ে কালবৈশাখীর দাপট বাড়বে। দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অনেক এলাকায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা-সহ অন্যান্য জেলায় দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০–৫০ কিমি প্রতি ঘণ্টা। শনিবারও আবহাওয়ার একই রকম চিত্র বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ঝড়-বৃষ্টি চলবে। এর ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে ঝড়বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তি বাড়তে পারে।
রবিবার বিকেলের পর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তখন শুরু হবে বৃষ্টির দাপট। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ৪০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঝড়বৃষ্টির আশঙ্কায় আবহাওয়াবিদদের পরামর্শ, প্রয়োজন ছাড়া বাইরে বেরনো এড়িয়ে চলাই ভালো। জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই ছাতা বা প্রয়োজনীয় সুরক্ষা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।





