পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat) পরিবেশিত খাবারকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক যাত্রী অভিযোগ করেছেন, তাঁদের দেওয়া দইয়ের মধ্যে পোকা পাওয়া গেছে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। রীতেশকুমার সিংহ নামে এক যাত্রী সামাজিক মাধ্যমে দইয়ের ছবি শেয়ার করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswhini Vaishnab) এবং আইআরসিটিসিকে (IRCTC) ট্যাগ করে অভিযোগ জানান। জানা যায়, ঘটনাটি ১৫ মার্চের এবং ওই ট্রেনের অন্তত সাতজন যাত্রী একই ধরনের অভিযোগ করেছেন। তাঁদের দাবি, দইয়ের প্যাকেট খুলতেই দেখা যায় তার ভিতরে পোকা ঘুরে বেড়াচ্ছে।
অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ। আইআরসিটিসির প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সংশ্লিষ্ট দই প্যাকেটগুলি পাটনা থেকে সংগ্রহ করা হয়েছিল। প্যাকেজিংয়ের তারিখ ছিল ৯ মার্চ, ২০২৬ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ ৭ এপ্রিল, ২০২৬—অর্থাৎ দইটি মেয়াদোত্তীর্ণ ছিল না।
ঘটনাটিকে গুরুত্ব দিয়ে রেল মন্ত্রক জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যাত্রীদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইআরসিটিসিকেও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





