২০১১ সালে জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে (KBC) অংশ নিয়ে ৫০ লক্ষ টাকা জিতে আলোচনায় এসেছিলেন অমিতা তোমার। বহু বছর পর সেই একই ব্যক্তি এবার শিরোনামে সম্পূর্ণ ভিন্ন কারণে। বন্যা ত্রাণ তহবিল তছরুপের গুরুতর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার জেরে গোয়ালিয়র (Gwalior) জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বরোদা তহসিলে বন্যা ত্রাণের (Flood relief fund) জন্য বরাদ্দ ২.৫৭ কোটি টাকা ১২৭টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই কেলেঙ্কারিতে অমিতা তোমারের নাম উঠে এসেছে এবং অভিযোগ, এই বিপুল অর্থ আত্মসাতের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন। ইতিমধ্যে এই মামলায় ২৫ জন পাটওয়ারির নামও জড়িয়েছে।
গ্রেপ্তার এড়াতে অমিতা প্রথমে গোয়ালিয়র হাই কোর্টে আবেদন করেছিলেন, তবে তা খারিজ হয়ে যায়। পরে তিনি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেও ১৭ মার্চ সেই আবেদনও নাকচ হয়। এরপরই তাঁর গ্রেপ্তার কার্যত নিশ্চিত হয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের একদিন আগেই তাঁর তহসিলদার পদ কেড়ে নেওয়া হয়।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৬৭ ও ৪৬৮ (জালিয়াতি), ৪০৯ (বিশ্বাসভঙ্গ) এবং ১২০বি (ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, অমিতা তোমার আগেও বিতর্কে জড়িয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সংবিধান এবং প্রশাসনিক কার্যকলাপ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বর্তমানে এই আর্থিক কেলেঙ্কারিতে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার হওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।





