রবিবার শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee death)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সি অভিনেতার। তাঁর এই অকাল প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। রাহুলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন তিনি। শুটিং শেষ হওয়ার পর জলে নামেন রাহুল। কিছুক্ষণ পরে তিনি আর ফিরে না আসায় উদ্বেগ ছড়ায় ইউনিটের সদস্যদের মধ্যে। পরে টেকনিশিয়ানরা তাঁকে জলের তলা থেকে উদ্ধার করেন। তাঁকে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সন্ধ্যা নাগাদ হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। ঘটনাস্থল তালসারি হওয়ায় ওড়িশা পুলিশও তদন্ত শুরু করতে পারে।
সহঅভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিংয়ের পর মধ্যাহ্নভোজে যান ইউনিটের সদস্যরা, কিন্তু রাহুল আরও কিছু শট দিতে গিয়েছিলেন। পরে এই দুর্ঘটনার খবর আসে। ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ দিগন্ত বাগচী জানান, জলে নামার পর হঠাৎই তাঁকে ডুবে যেতে দেখা যায়। উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন, তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করেছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে। সহঅভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। পরে বাস্তব জীবনেও জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। পরে তাঁর সঙ্গেই প্রেম ও বিয়ে। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে।
বড়পর্দা, ছোটপর্দা ও ওয়েব সিরিজ— সব ক্ষেত্রেই সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিছু দিন আগে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও সমাজ-রাজনীতি নিয়েও সক্রিয় মতামত প্রকাশ করতেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া ও অনুরাগীরা।





