মঙ্গলবার ভোররাতে ইরানের ইসফাহান (Isphakan Nuclear Centre Iran) অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (United States Of America)। মার্কিন বোমারু বিমান থেকে ফেলা হয় শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা, যার ফলে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এক বিদেশি সংবাদমাধ্যম হোয়াইট হাউসের (White House) এক শীর্ষ আধিকারিকের উদ্ধৃতি দিয়ে জানায়, এই হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। বিস্ফোরণের পর আকাশজুড়ে বিশাল আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়, যা রাতের আকাশকে আলোকিত করে তোলে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেছেন। যদিও তিনি সরাসরি এই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করেননি, তবে ভিডিওটি ইসফাহান পরমাণু কেন্দ্রে হামলার বলেই দাবি করা হচ্ছে।
এই ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা (Middle East crisis) আরও বৃদ্ধি পেয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের (Israel) সঙ্গে সংঘর্ষের জেরে ইরান বিভিন্ন এলাকায় পাল্টা তৎপরতা চালাচ্ছিল। এমন পরিস্থিতিতে আমেরিকা ১০ দিনের জন্য সংঘর্ষবিরতির ঘোষণা করেছিল এবং তেহরানকে ১৫ দফা শর্ত দিয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে এই হামলা হল।
হামলার ফলে ইসফাহান পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
উল্লেখ্য, এর আগেও ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে ‘ডিপ পেনিট্রেটর’ বা বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছিল মার্কিন বাহিনী। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর (Straight of Hormuz) কাছাকাছি ইরানের সামরিক ঘাঁটিতেও একই ধরনের হামলার নজির রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল ইসফাহান।





